হোম > রাজধানী

হাজার গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে না: আবদুস সালাম

স্টাফ রিপোর্টার

আবদুস সালাম। ফাইল ছবি

গ্যাস ও বিদ্যুৎ সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে তা ‘আলাদীনের চেরাগের’ মতো মুহূর্তের মধ্যে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সংকট নিয়ে আন্দোলনের সমালোচনা করে তিনি প্রশ্ন করেছেন, ‘হাজার গাড়ি নিয়ে লংমার্চ করলেই কি গ্যাস-বিদ্যুৎ চলে আসবে?’

শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে মাত্র ছয় মাস আগে। দীর্ঘদিন ধরে জমে থাকা সংকট একদিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য সরকারকে সময় দিতে হবে এবং সংকট মোকাবিলায় সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশে নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি। তার ভাষ্য, দেশের ব্যাংকগুলো লুট না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান অনায়াসে গ্যাস আমদানি করতে পারতেন।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে ডিএসসিসি প্রশাসক বলেন, এক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করলেই গ্যাস-বিদ্যুৎ আসবে না। বরং এ ধরনের কর্মসূচিতে বিপুল পরিমাণ পেট্রোলের অপচয় হচ্ছে।

তিনি বলেন, দেশপ্রেমের পরিচয় দিতে হলে অপচয় বন্ধ করতে হবে। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে হবে।

বিএনপির জনপ্রিয়তা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে বলেই একটি গোষ্ঠী দলটির জনপ্রিয়তাকে ভয় পায়।

ঢাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর আশপাশে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা রক্ষায় সিটি করপোরেশন নিয়মিত কাজ করছে। কিন্তু এসব উদ্যোগ নিয়ে কাউকে লংমার্চ করতে দেখা যায় না।

অনুষ্ঠানে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দারা প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে পাওয়া অর্থ প্রান্তিক মানুষের খাদ্য সহায়তায় ব্যয় করবে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

আবদুস সালাম জানান, পর্যায়ক্রমে ডিএসসিসির বিভিন্ন এলাকায় কর্মসূচিটি ছড়িয়ে দেওয়া হবে। রাজধানীর গুলিস্তানে স্থায়ী স্টল চালুর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে এ উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পথশিশুদের জন্য ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিনসহ ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্যে জানান, আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে এক লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভিক্ষা নয়, পুনর্বাসন ও কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ী সমাধানের আহ্বান

চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা