রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান। রিমান্ড আবেদনে বলা হয়, ঘুষের ঘটনায় আর কারা জড়িত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো তথ্য রয়েছে কি না, তা উদ্ঘাটনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানিতে দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি রিমান্ডের পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন রিমান্ডের বিরোধিতা করে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরি করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম।
অভিযোগকারী মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। তবে প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরে ঘুষ দাবির বিষয়টি মনিরুল দুদককে জানান। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ পাতার পরিকল্পনা করে।
দুদকের অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষ দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল তা তাঁর ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুদকের ফাঁদ দলের সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন।
পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যাংকনোটের নম্বরের সঙ্গে অভিযোগকারী কর্তৃক আগে সরবরাহ করা টাকার নম্বরের হুবহু মিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন বলেও দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘুষ গ্রহণের এই ঘটনায় দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।