ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তব্দুল হোসেন (৬২) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে গত ২৫ অক্টোবর তাঁকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার সকালে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, তব্দুল হোসেন দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় করা হত্যা মামলার (জিআর-৩০/১১, বি.পাড়া-১৪(০২)১১) আসামি ছিলেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী হিসেবে কারাগারে ছিলেন।
মৃত তব্দুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণপাড়া থানার ছোট ধনিয়া গ্রামের মৃত আ. মালেকের ছেলে।