অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল বলেছেন, সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট গুরুতর ফৌজদারি অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডকে রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
রোববার এক ফেসবুক বার্তায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এসব ঘটনা শুধু অপরাধের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ করার মতো।
তিনি আরও বলেন, সরকারকে অবশ্যই এসব অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু মাঠের হামলাকারীদেরই নয়, নেপথ্যে যারা আছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
অপরাধ প্রতিরোধে ব্যর্থতার পেছনে কিছু বাস্তব সীমাবদ্ধতা বা যুক্তি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না।’
এসব গুরুতর অপরাধ সরকারের জন্য স্পষ্ট সতর্কবার্তা। অপরাধী যে দলেরই হোক না কেন, সরকারকে এখনই কঠোর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।