রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন সাবেক পৌর মেয়র এবং অন্যজন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।
পুলিশ জানিয়েছে, ঢাকায় গোপনে দলীয় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়ে তারা ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার তিন নেতা হলেন—ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু (৬১), একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু (৬৪) এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন (৬৩)।
গত সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা আটকের এই বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিন নেতা ঢাকায় অবস্থান করে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে দলীয় কার্যক্রম পুনরায় সচল করা এবং নাশকতামূলক বা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারা ওই ফ্ল্যাটে একত্রিত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আবুল কালাম আজাদ একটি বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় জামিনে মুক্ত হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন। অন্যদিকে, বাকি দুজনও গত ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন বলে স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে।