হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে ৯০ পিস ই-সিগারেট জব্দ করা হয়েছে। গত ৬ ও ৭ নভেম্বর পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্যের পাশাপাশি ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ নভেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা সুলতানা রাজিয়া নামের এক যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার শুল্কমুক্ত সুবিধায় আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শুল্ক আইনে নিষিদ্ধ থাকায় এবারের স্বর্ণালংকারগুলো আটক করা হয়।
এর আগে পৃথক অভিযানে গত ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এনবিআর আরও জানায়, যাত্রী ব্যাগেজে ই-সিগারেট বা ভেপ বহনের এই ঘটনা চোরাচালানের নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। দেশের রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।