হোম > রাজধানী > অপরাধ

ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাফিসকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাফিসের খালাতো ভাই শেখ নাজমুল হাসান জানান, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় রাস্তার পাশের একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিস। এ সময় পাশের আরেকটি ঝালমুড়ির দোকানে কয়েকজন পথচারীর সঙ্গে এক ব্যক্তি বাগ্বিতণ্ডা ও চিৎকার করছিলেন। রাফিস সেখানে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

এতে ওই ঝালমুড়ি বিক্রেতা ক্ষিপ্ত হয়ে নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিসসহ আরো দুজনের ওপর হামলা চালান। এতে রাফিসের পেটের ডান পাশে গভীর ছুরিকাঘাত লাগে। তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানার পুলিশের একটি টহল দল অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করে। অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও অভিযোগ রয়েছে।

শেখ নাজমুল হাসান আরো জানান, নিহত রাফিস খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে চক্রবর্তী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ৭ বছর বয়সি এক কন্যাসন্তানের জনক ছিলেন রাফিস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

বিয়ের তিন মাসের মাথায় কদমতলীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীতে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

সংসদের সামনে শিক্ষিকা হত্যা, আরো দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য