রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঋণের চাপ ও দাম্পত্য কলহের জেরে তিনি হতাশাগ্রস্ত ছিলেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।
মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত শাহবাজ ওই ভবনটির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সকালে তাঁর ঝুলন্ত অবস্থায় থাকার খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
এ সময় সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত শাহবাজ বাংলাদেশে ব্যবসা করতেন। তার বাবার নাম নাজির আহমেদ। তাঁদের গ্রামের বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান জেলার জালালপুর এলাকায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসা নিয়ে ঋণগ্রস্ত হওয়ার পাশাপাশি স্ত্রীর সঙ্গে তাঁর পারিবারিক বিরোধ চলছিল। এসব কারণে তিনি মানসিকভাবে বেশ চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে শাহবাজ একটি চিরকুট লিখে গেছেন। ওই চিরকুটে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মোবাইল নম্বর উল্লেখ রয়েছে। ধারণা করা হচ্ছে, নম্বর দুটি তাঁর সাবেক স্ত্রী ও পাকিস্তানে থাকা ভাইয়ের।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহবাজের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটেছিল এবং কিছুদিন আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যান।
খিলগাঁও থানা পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এটিকে কেবল আত্মহত্যা বলে নিশ্চিত করার সুযোগ নেই; মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।