রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তের পেছনে বড় মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আমিনুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত আমিনুল জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী নান্নু মিয়া জানান, আমিনুল যাত্রাবাড়ী মাছের আড়তের পেছনে বড় মাদ্রাসা এলাকায় কুতুব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় মাছ বিক্রেতা।
নান্নু মিয়া বলেন, সকালে মাছ কিনতে যাওয়ার পথে ২ থেকে ৩ জন ছিনতাইকারী আমিনুলের পথরোধ করে। পরে তারা তাকে কুপিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ সময় তার কাছে প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকা ছিল।
ছিনতাইকারীদের হামলায় আমিনুলের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত আমিনুল সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার রবি ব্যাপারীর ছেলে।