রাজধানীর খিলক্ষেত ও মিরপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারদের মধ্যে একটি দম্পতিও রয়েছেন। গতকাল সোমবার ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের খিলগাঁও সার্কেলের একটি দল এসব অভিযান চালায়। আজ মঙ্গলবার ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ)-এর উপপরিচালক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিএনসি সূত্র জানায়, পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয় খিলক্ষেত থানার কুড়াতলী পূর্বপাড়া এলাকায়। সেখানে স্থানীয় একটি জামে মসজিদসংলগ্ন হেলেন মিয়ার ভাড়াটিয়া মো. জুয়েল রানা (৫১) ও তাঁর স্ত্রী হাসনা আক্তারকে (৩০) গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতঘর তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার জুয়েল ও হাসনা স্বামী-স্ত্রী। তাঁরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একই দলের দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় শাহ আলী থানার মিরপুর-১ এলাকায়। শাহ আলী মাজার বেষ্টনী প্রকল্প মার্কেটের ‘বিসমিল্লাহ বাণিজ্য ভাণ্ডার’ নামের দোকানের সামনে সড়ক থেকে মৌসুমী বেগম (৩৭) ও মো. আমির হামজা নূরকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, এ দুজনের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে।
উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, রাজধানীতে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান দুটি পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।