রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।
রোববার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও মোঃ সবুজ ওরফে ইমন (২৫)।
রোববার (২২ মার্চ) সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় খিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, রেববার সকালে থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে দুইজন ব্যক্তি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে খিলগাঁও থানাধীন শেখের জায়গায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সাফায়েত ও সবুজকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা ব্যক্তি একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা খিলগাঁও থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে উক্ত পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট ৪টি মামলা এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।