ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক এই আহ্বান জানান।
এ সময় প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে দেশ পরিচালনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসাসেবা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং যেকোনো চক্রান্ত প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।
নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পায়, সে ক্ষেত্রে এই মোবাইল ফিভার ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতা ছিল বলেই মিরপুর ১০ নম্বরের পাশাপাশি মিরপুর ১ নম্বরের ফুটপাত অবৈধ স্থাপনা ও দখলমুক্ত করে নগরবাসীর চলাচলের জন্য ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এ সময় তিনি যেকোনো প্রয়োজনে নগরবাসীকে অতিতের মতো পাশে থাকার আহ্বান জানান।