রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে চাপা পড়ে শহিদুল্লাহ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহিদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার হারুন অর রশিদের ছেলে। তিনি একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহতের ভাই জুয়েল রানা জানান, গত শনিবার চীন ভ্রমণে গিয়েছিলেন শহিদুল্লাহ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি দেশে ফেরেন। দুপুরে বাসায় যাওয়ার উদ্দেশে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন। এ সময় দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, শহিদুল্লাহর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়। পরে রামপুরা থানার অনুমতি নিয়ে পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যান।
এএম