হোম > রাজধানী > ঢাকা উত্তর

হজক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর আশকোনা হজক্যাম্প থেকে হজযাত্রী দম্পতির সৌদি রিয়াল চুরির ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল ও ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন হাবিবুর রহমান ও নাদিম।

শুক্রবার (১ মে) রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন, ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ এবং মতলব সার্কেল এএসপি জাবীর হুসনাইন সানীবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল হজক্যাম্প থেকে হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হজযাত্রীর ছদ্মবেশে পাঞ্জাবি-পাজামা পরিহিত এক ব্যক্তি অভিনব কায়দায় টাকা চুরি করে পালিয়ে যায়।

পরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ব্যক্তিগতভাবে ওই হজযাত্রী দম্পতিকে দুই হাজার রিয়াল দেন এবং তারা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব গমন করেন।

চাঞ্চল্যকর এ ঘটনায় ভুক্তভোগী মো. ইমান আলীর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্তের ধারাবাহিকতায় গতকাল বিকেলে সিটি এসবি ডিআইজি মীর আশরাফ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানকে গ্রেফতারের জন্য মতলব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে রেডিও লোকেশনের মাধ্যমে মতলব থেকে কুমিল্লার দাউদকান্দি, সেখান থেকে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে রাজধানীর খিলক্ষেত এলাকায় একাধিক ভবনে তল্লাশি চালিয়ে রাত ২টা ৪০ মিনিটে তাকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে গ্রেফতার করা হয়। পরে চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের দুটি বাসায় অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। তবে মান্নানের বড় মেয়ে মুক্তার জামাইয়ের বাসা থেকে ১৭,৫০০ সৌদি রিয়াল এবং দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে ৯০ হাজার টাকা জব্দ করা হয়।

মতলব সার্কেল এএসপি জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে মতলব থানার একটি দল এবং সিটি এসবি (উত্তর) বিশেষ এসপি মো. রেজাউল করিমের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সৌদি রিয়াল উদ্ধারের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভুক্তভোগী ইমান আলী সৌদি আরবের মক্কা থেকে ধর্মমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এআর

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা

দুর্নীতির কারণে জনগণ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: সেলিম উদ্দিন

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

সীমান্তে হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে মিরপুরে গণমিছিল

পল্লবীতে ১০ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রাজধানীজুড়ে ছুটির আমেজ, রাস্তা ফাঁকা

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির মাংস বিতরণ

কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত ৮০