হোম > রাজধানী > ঢাকা উত্তর

ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কার করে ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা গেলে একদিকে ডেঙ্গুর প্রকোপ কমবে, অন্যদিকে এলাকার পরিবেশও সুন্দর ও বসবাসযোগ্য হবে।

শনিবার রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবে আজ পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির একটি প্রতিনিধি দলও এ কার্যক্রমে অংশ নিয়েছে।’

তিনি বলেন, খালটি পরিপূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব হলে এ এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এলাকার পরিবেশও আরও সুন্দর হবে।

খালটি শুধু পরিষ্কার করেই কার্যক্রম শেষ করতে চান না জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে আমরা খালটিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করার পাশাপাশি এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিতে চাই। এর মাধ্যমে এখানে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা চলছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করে খাল পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও ফজলুল হক লাভলু, রূপনগর থানা বিএনপির আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক ও জাহাঙ্গীর কবির জনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

এ ছাড়া যুবদল পল্লবী থানার আহ্বায়ক নূর সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পী, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার আহ্বায়ক মেহেদী হাসান বাবু ও সদস্যসচিব রবিউল করিম বাবু, স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার আহ্বায়ক রওশন হাসান এবং ছাত্রদল পল্লবী থানার আহ্বায়ক সৈয়দ হাসান সোহেল,সদস্য সচিব খোরশেদ আলম নীরবসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

সাভারে বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মেঘনা নদী থেকে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

মৌখিক নম্বর বাড়িয়ে সরকারি দলীয় লোক নিয়োগের এজেন্ডা চলছে: শিবির সভাপতি

ধামরাইকে আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ঢাকা জেলা পরিষদ প্রশাসকের

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ জন গ্রেপ্তার