রাজধানীর ভাটারার সাঈদনগরে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার বেলকনি থেকে পড়ে মোহাম্মদ নাঈম (২৩) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। ভাটারার সাঈদনগর এলাকার ১২ নম্বর সড়কের ২২ নম্বর বাসায় থাকতেন।
নাঈমের সহপাঠী মাজহারুল জানান, আজ সকালে দ্বিতীয় তলার বেলকনি থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নাঈমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।