ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতামূলক আলোচনা সভা ও সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান।
তিনি বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যকর করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী এবং হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, করোনার মতো ডেঙ্গুও বাংলাদেশে মহামারি আকার ধারণ করছে। অথচ ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে তাঁরা মন্তব্য করেন। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থার ঘাটতি থাকায় রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুর রব বলেন, ডেঙ্গু আক্রান্ত এক লাখের বেশি রোগী শনাক্ত হলেও রোগটি প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না।
তিনি বলেন, রাজনীতি যদি কেবল ক্ষমতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে জনগণের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থাকে না। তাঁর মতে, জনগণের প্রতি সরকারের তুলনায় বিরোধী দলের দায়বদ্ধতা বেশি দেখা যাচ্ছে। বিরোধী দলকে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত হতেও দেখা যায় বলে মন্তব্য করেন তিনি।
‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজন করায় বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক আব্দুর রব। তিনি বলেন, সামাজিক সংগঠনের উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক দল ও সরকারের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার দাবি করলেও জনগণের কল্যাণে তাদের কার্যক্রম দৃশ্যমান নয়।
ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে বলে সতর্ক করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান অধ্যাপক আব্দুর রব। একই সঙ্গে বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক সংগঠনকেও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।