হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

খিলগাঁওয়ে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় ডেকে নিয়ে মোস্তফা (২২) নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে একটি ওয়ার্কশপের ভেতরে তাকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোস্তফা খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মোস্তফাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নাগদারপাড় এলাকার ওই ওয়ার্কশপে নিয়ে যান। পরে ওয়ার্কশপের ভেতরে হোসেন ও তার লোকজন ইউনুস, খানসহ অজ্ঞাতনামা চার-পাঁচজন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জুলেখা বলেন, পাঁচ-ছয় বছর আগে হোসেনের সঙ্গে তাদের পরিবারের বিরোধ হয়। ওই সময় হোসেন তার লোকজন নিয়ে পরিবারের সদস্যদের মারধর করেন এবং তাদের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলা এখনো চলছে। তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন।

বিরোধের কারণ উল্লেখ করে তিনি বলেন, মাছ চাষের জন্য তারা একটি ডোবা কিনেছিলেন। কিন্তু হোসেন তাদের ওই ডোবা থেকে মাছ ধরতে দেননি। এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় মামলা হয়।

জুলেখার অভিযোগ, তার ভাই সহজ-সরল প্রকৃতির ছিলেন। হোসেন ও তার লোকজন পরিকল্পিতভাবে লোক দিয়ে ডেকে নিয়ে তাকে হত্যা করেছেন। হোসেন ছাড়া তাদের পরিবারের আর কোনো শত্রু নেই বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে বলে জানিয়েছেন নিহতের বোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয়। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাগদারপাড় পেট্রলপাম্পের বিপরীত পাশে একটি ওয়ার্কশপের ভেতরে পূর্বশত্রুতার জেরে মোস্তফাকে মারধর করে হত্যা করা হয়েছে।

বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন, আমরা ভালো থাকব: নারী উদ্যোক্তা সাথী

ডগাইর-বামৈলে ৯ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু, উপকৃত হবেন ৮ লাখ মানুষ

প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে গিজার বিক্রি, বিএসটিআইয়ের জরিমানা

খাল দখল ও দূষণ রোধে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কেরাণীগঞ্জে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

দুর্যোগ মোকাবিলায় কাগজে-কলমে নয়, বাস্তব প্রস্তুতি নিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সুযোগ পেলে ঢাকাকে মনের মতো করে সাজাতে চাই

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত