হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পৃথক দুই সহিংস ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মচারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার বিকেল ও রাতে দারুস সালাম এবং যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে । আহত দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দারুস সালাম থানাধীন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী এফ এম স্কুল মাঠে ছুরিকাঘাতের শিকার হন মো. মহসিন (১৭)। তিনি ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

আহত শিক্ষার্থীর বাবা নুর আলামিন জানান, দুপুরে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয় মহসিন। পরে পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিকেলে খবর আসে, স্কুল মাঠে বসে থাকা অবস্থায় ১০ থেকে ১২ জন সমবয়সী যুবক তাকে ঘিরে ধরে মারধর করে। একপর্যায়ে পেটের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে কিংবা হামলাকারীরা কারা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি স্বজনরা। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা থাকলেও পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

মহসিনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার দক্ষিণ আলগী এলাকায়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মিরপুর-১ এর সেকেন্ড কলোনি এলাকায় বসবাস করেন।

অন্যদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদ পানি পাম্প সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন মো. তানজিদ (৩৫)। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ বিভাগে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ তানজিদকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে তার বাম হাঁটুর নিচে গুলি করে ঘটনাস্থলেই ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

ঘটনার পর তার বন্ধু ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। আহতের বন্ধু মামুন জানান, হামলার পেছনের কারণ সম্পর্কে তারা এখনো নিশ্চিত নন। তবে ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত শুরু করেছে।

তানজিদ পুরান ঢাকার ওয়ারীর বি. কে. দাশ লেন এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজগর আলী। দীর্ঘদিন ধরে তিনি সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক দুই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট থানাগুলো ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে।

পুলিশ বলছে, দারুস সালামের ছুরিকাঘাত এবং যাত্রাবাড়ীর গুলির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে। হামলার পেছনে পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এমই

টিভির পর্দায় ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের টেস্ট লড়াই

নরসিংদীতে বাড়ছে ‘মধু’ আনারসের আবাদ

সংস্কারের অভাবে ভেঙে পড়েছে ফুলপুরের সড়ক যোগাযোগ

হকারদের দখলে কালীগঞ্জ শহরের প্রধান সড়ক

সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস

রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের কোটি টাকা নিয়ে কর্মচারী লাপাত্তা

যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন তিন স্কুল

অভিবাসন ব্যয় লাগামহীন, উদ্যোগ নেই নিয়ন্ত্রণের

বিশ্ব পর্যটন দিবস আজ

তিন মাস পর মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব সংসদীয় কমিটিতে