হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) শুদ্ধি অভিযান শুরু করেছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। দুর্নীতিবাজ ও অদক্ষ কর্মীদের সরিয়ে দেওয়ার মিশনে নেমেছেন তিনি। নিজ দল বিএনপির লোককেও রেহাই দিচ্ছেন না। মঙ্গলবার ডিএসসিসির অফিস আদেশে সংস্থাটির কেন্দ্রীয় পরিবহন পুলের তত্ত্বাবধায়ক মো. আরিফ চৌধুরীকে অব্যাহতি দিয়ে তার মূল কর্মস্থল অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (কেন্দ্রীয় পরিবহন পুল) পদে ফেরত পাঠানো হয়েছে।

এ ব্যাপারে প্রশাসক আবদুস সালাম আমার দেশকে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। যারাই নিয়ম-শৃঙ্খলার বাইরে যাবে, তাদের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু বড় ধরনের রাজস্ব ঘাটতি রয়েছে, তাই সংশ্লিষ্টদের টার্গেট দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ চৌধুরীকে ১২তম গ্রেড থেকে নামিয়ে ১৫তম গ্রেডে পাঠানো হয়েছে। আরিফ ডিএসসিসির জাতীয়তাবাদী শ্রমিক দলের একাংশের সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে তৎকালীন প্রশাসককে চাপ দিয়ে কম্পিউটার অপারেটর থেকে এক লাফে কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন তত্ত্বাবধায়কের দায়িত্ব নিয়ে নেন। এরপর তিনি প্রাতিষ্ঠানিক নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

আদালতের রায়ে ডিএসসিসির মেয়র পদ ফিরে পান বিএনপি নেতা ইশরাক হোসেন। কিন্তু তখন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার হস্তক্ষেপে মেয়র পদে বসতে ব্যর্থ হন ইশরাক হোসেন। এ নিয়ে দীর্ঘ ৪০ দিনের বেশি সময় ধরে আন্দোলন চলে। একসময় অফিসের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু কাজ বন্ধ থাকলেও সে সময় কোটি টাকা জ্বালানি খরচ বাবদ উত্তোলন করা হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রাথমিক তদন্তে তখন দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আরিফের সম্পৃক্ততা খুঁজে পায়। সেই তেল কেলেঙ্কারির দায়ে এবার তাকে পদ হারাতে হলো।

জানা গেছে, যোগ্যতা না থাকলেও জোর জবরদস্তি করে ৫ আগস্ট পরবর্তীতে পদ বাগিয়ে নেন আরিফ। বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর যোগ্যদের পদায়নে জোর দেন। তারই ধারাবাহিকতায় আরিফকে চার ধাপ নামিয়ে নিজ দপ্তরে ফেরত পাঠিয়েছেন।

ঈদুল আজহায় বর্জ্য বিভাগে চাহিদা মাফিক জ্বালানি তেল সরবরাহ না করায় বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি দেখা দেয়। ফলে ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান সরেজমিনে পরিদর্শনকালে দুজন কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন। কিন্তু পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না করে সেই জ্বালানি চুরির অভিযোগ ওঠে আরিফ চৌধুরীর বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে প্রশাসক আব্দুস সালাম এবার তাকে পদচ্যুত করেন।

ডিএসসিসির অফিস আদেশে বলা হয়, পরিবহন বিভাগের প্রশাসনিক কাজের স্বার্থে মো. আরিফ চৌধুরীকে কেন্দ্রীয় পরিবহন পুলের পরিবহন বিভাগের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) থেকে অব্যাহতি প্রদানপূর্বক তার মূল কর্মস্থল অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ফেরত পাঠানো হলো। একই সঙ্গে কেন্দ্রীয় পরিবহন পুলে সংযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ইমরান হোসাইনের অফিস আদেশ বাতিলপূর্বক তার মূল কর্মস্থল অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সিভিল সার্কেলে ফেরত পাঠানো হয়।

অন্যদিকে একই আদেশে সহকারী পরিবহন তত্ত্বাবধায়ক মামুন উদ্দিন আহম্মেদকে পরিবহন তত্ত্বাবধায়ক করা হয়।

এ বিষয়ে প্রশাসক আবদুস সালাম আমার দেশকে বলেন, অনেক অনিয়ম ও দুর্নীতির তদন্ত হয়েছে, কিছু চলমানও আছে। যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সেসব দুর্নীতিরও শাস্তি নিশ্চিত করা হবে।

এমই

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম