হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা হারালেন সিরামিক কর্মচারী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আয়নাল হক তুহিন নামের এক ব্যক্তি (৫০) প্রায় এক লাখ টাকা খুইয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পল্টন থানাধীন গুলিস্তান বাসস্ট্যান্ডের শহীদ আহাদ পুলিশ বক্সের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে নিয়ে যান। পরে বিকেলে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তুহিনের ছোট ভাই মো. তারিক জানান, তার বড় ভাই নারায়ণগঞ্জের একটি সিরামিক প্রতিষ্ঠানে কর্মরত। বৃহস্পতিবার সকালে দোকানের মালামাল কেনার জন্য প্রায় এক লাখ টাকা নিয়ে বাসে করে গুলিস্তানের উদ্দেশে রওনা হন। পরে খবর আসে, তিনি শহীদ আহাদ পুলিশ বক্সের সামনে অচেতন অবস্থায় পড়ে আছেন।

তিনি বলেন, স্থানীয় লোকজন তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তুহিনের মোবাইল ফোন থেকে দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

তারিকের দাবি, হাসপাতালে এসে তারা দেখতে পান তুহিনের সঙ্গে থাকা নগদ অর্থ নেই। পরিবারের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র কৌশলে তাকে অচেতন করে টাকাগুলো নিয়ে গেছে। তবে তুহিনের জ্ঞান ফেরার পরই ঘটনার প্রকৃত বিবরণ জানা যাবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়নাল হক তুহিন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো এ ঘটনায় অজ্ঞান পার্টির সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি। তুহিনের জবানবন্দি ও তদন্তের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

পুলিশ জনসাধারণকে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার এবং বড় অঙ্কের অর্থ বহনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

চকরিয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ইউরোপে গিয়ে কেন আমেরিকানদের ওজন কমে

কোস্ট গার্ড নিষিদ্ধ পলিথিন জব্দে কঠিন ভূমিকা রেখেছে : বন প্রতিমন্ত্রী

ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে জেলেনস্কির নতুন উদ্যোগ

নেপালে আকস্মিক বন্যায় কৈলাসগামী ৪০০ তীর্থযাত্রী নিখোঁজ

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরো গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

ধ্বংসস্তূপের মধ্যে চাষাবাদ, গাজায় বাঁচার লড়াই কৃষকদের

বন্যাবিধ্বস্ত নেপালকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

নারায়ণগঞ্জে মহানগর হেফাজতের পাল্টাপাল্টি কমিটি