দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্নের লোগোকে কেন্দ্র করে ব্যতিক্রমধর্মী ফটোগ্রাফি করে সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান তালহা। তার সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে তাকে ১০ হাজার টাকা সমমূল্যের গিফট প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
ঢাকার ডেমরার বাসিন্দা হাসিবুর রহমান তালহা সম্প্রতি স্বপ্নের লোগোকে কেন্দ্র করে একটি ভিন্নধর্মী আলোকচিত্র ধারণ করেন। ছবিটিতে অন্ধকার ও প্রতিকূলতাকে অতিক্রম করে চাঁদের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্নকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এটি স্বপ্ন ব্র্যান্ডের মূল দর্শন—স্বপ্ন দেখা, আশা, অগ্রযাত্রা এবং সম্ভাবনার বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তালহার এই সৃজনশীল উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়ায়। পরবর্তীতে তার উদ্যোগের স্বীকৃতি হিসেবে স্বপ্ন কর্তৃপক্ষ ১০ হাজার টাকা সমমূল্যের গিফট প্রদানের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে স্বপ্নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “যে কোনো ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করি। তালহার কাজটি শুধু একটি আলোকচিত্র নয়, এটি স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা জয় করার অনুপ্রেরণার প্রতীক। তরুণদের এমন সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত।”
তিনি আরও বলেন, তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করার মাধ্যমে সমাজে অনুপ্রেরণার সংস্কৃতি গড়ে তুলতে স্বপ্ন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।
চুয়েটের শিক্ষার্থী হাসিবুর রহমান তালহার এই অর্জন দেশের তরুণ আলোকচিত্রী ও সৃজনশীল শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।