রাজধানীর মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে প্রশিক্ষিত করতে পৃথক সচেতনতামূলক মহড়া আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আয়োজিত এসব মহড়ার প্রথমটি ১৩ নভেম্বর সকাল ৮টায় সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকাধীন মহাখালীর সাততলা বস্তিতে অনুষ্ঠিত হয়। মহড়ার শুরুতে বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধে করণীয়, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের নিয়ম এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণের কৌশল প্রদর্শন ও অনুশীলন করানো হয়।
পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের সঙ্গে বস্তিবাসী, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়। এতে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশন অংশগ্রহণ করে।
মহড়া শেষে ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলু মিয়া, সিনিয়র সহসভাপতি শরীফ ভূঁইয়া এবং ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এদিকে, ১৪ নভেম্বর সকাল ১০টায় সংসদীয় আসন ঢাকা-৭ এলাকাধীন রাজধানীর চকবাজারে একই ধরনের অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়। মহড়ার শুরুতে ফায়ার সার্ভিসের সঙ্গে চকবাজারের ব্যবসায়ী, দোকানদার, বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়। এতে সিদ্দিকবাজার ও লালবাগ ফায়ার স্টেশন যৌথভাবে অংশগ্রহণ করে।
মহড়া প্রদর্শনের পর উপস্থিত সবাইকে অগ্নিপ্রতিরোধে করণীয়, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের নিয়ম এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণের কৌশল প্রদর্শন ও অনুশীলন করানো হয়। এ সময় দোকান মালিক সমিতির সহসভাপতি এবং ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার) সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
উভয় মহড়া শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থান ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করা হয়। অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ১০২ সম্পর্কে সবাইকে অবহিত করা হয় এবং হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয়।
সাততলা বস্তিতে আয়োজিত মহড়ায় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সলুর রহমান ও মোঃ আব্দুল মন্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অন্যদিকে, চকবাজারে আয়োজিত মহড়ায় উপস্থিত ছিলেন জোন কমান্ডার ফয়সালুর রহমান ও মোহাম্মদ এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মোঃ রুহুল আমিন মোল্লা ও মোঃ মোস্তাফিজুর রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।