দেশের ব্যাংকিং খাতের অভিজ্ঞ ও দূরদর্শী ব্যক্তিত্ব রিয়াদ মাহমুদ চৌধুরী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ কর্পোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে এবি ব্যাংক এবং ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন জনাব চৌধুরী কর্পোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, নন-পারফর্মিং লোন (NPL) ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কৌশলগত দৃষ্টিভঙ্গি, নেতৃত্বগুণ, ব্যাংক ব্যবস্থাপনায় গভীর জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তাধারার জন্য তিনি তাঁর কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বি.কম ও এম.কম এবং পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ (IBA) থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস (Moody's) ও ওমেগা কর্পোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিসে সনদপ্রাপ্ত। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ইবিএল-সিইও ও চেয়ারম্যান পুরস্কারসহ একাধিক স্বীকৃতি অর্জন করেছেন।
জনাব চৌধুরী তার বলিষ্ঠ নেতৃত্ব ও আধুনিক ব্যাংকিং নীতি বাস্তবায়নের মাধ্যমে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-কে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং শীর্ষস্থানীয় শরীআহ-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশাবাদী।
এমই