বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬।
আজ শুক্রবার ঢাকার তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড শো। স্পাইকস্টোরি লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একত্রিত হচ্ছেন দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, পেশাজীবী এবং নতুন প্রজন্মের এআই ক্রিয়েটররা।
‘মানবিক সৃজনশীলতা। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত প্রিজম-এর মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করা, নতুন প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশের এআই ক্রিয়েটিভ কমিউনিটি-কে আরও শক্তিশালী করে তোলা।
গত ১২ আগস্ট ২০২৬ তারিখে শুরু হওয়া প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস-এ দেশের বিভিন্ন প্রান্তের ক্রিয়েটরদের এআই-নির্ভর সৃজনশীল কাজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয় চারটি বিভাগ—এআই বিজ্ঞাপন, এআই শর্ট ফিল্ম, এআই মিউজিক ভিডিও এবং এআই ফ্যাশন।
এই আয়োজনে দেশের ২৭টির বেশি জেলা থেকে ৫,০০০-এর বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রম ও প্রচারণার মাধ্যমে ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয় প্রিজম। এ উদ্যোগের আওতায় ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয় এবং ডিজিটাল মাধ্যমে অর্জিত হয় দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছানোর সাফল্য।
জমা পড়া কাজগুলো মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত করা হয় সেরা ৬০ জন ফাইনালিস্টকে। তাদের দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা আরও বিকশিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইসেন্টার-এ আয়োজন করা হয় দুই দিনব্যাপী এআই ক্রিয়েটিভ বুটক্যাম্প।
এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডিং, গল্প বলা, সৃজনশীল নির্দেশনা এবং এআই টুলস-এর কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পান। পরবর্তী পর্যায়ে ফাইনালিস্টদের দেওয়া হয় ইন্ডাস্ট্রিভিত্তিক বাস্তবধর্মী ক্রিয়েটিভ ব্রিফ। সেই চ্যালেঞ্জের ভিত্তিতে তারা নতুন সৃজনশীল কাজ তৈরি করেন, যা সংশ্লিষ্ট শিল্পের অভিজ্ঞ পেশাজীবী ও ক্যাটাগরিভিত্তিক বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এভাবে প্রিজম শুধু একটি প্রতিযোগিতার আয়োজন না করে অংশগ্রহণকারীদের শেখা, দক্ষতা উন্নয়ন, বাস্তব অভিজ্ঞতা এবং পেশাগত সংযোগ তৈরির সুযোগও তৈরি করেছে।