বাংলাদেশ ব্যাংক ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন।
অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. জহির হোসেন বলেন, ক্যাশলেস বাংলাদেশ এবং ডিজিটাল লেনদেন কেবল সময়ের দাবি নয়, বরং আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের মূল ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের যুগোপযোগী উদ্যোগ বাংলা কিউআর-এর মাধ্যমে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে।
তিনি বলেন, কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের নগদ অর্থ বহনের প্রয়োজন কমার পাশাপাশি লেনদেনের প্রক্রিয়াও আরও সহজ হচ্ছে।
মো. জহির হোসেন আরও বলেন, ডিজিটাল লেনদেন নিশ্চিত করার ফলে প্রতিটি হিসাবের নির্ভরযোগ্য রেকর্ড থাকে। এতে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবা খাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বাংলা কিউআর-এর মতো সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালুর ফলে রোগী ও স্বজনদের অর্থ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে নগদ অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি কমিয়ে লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্যসেবা খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।