হোম > করপোরেট

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ জন্য আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, বর্জ্যের সুষ্ঠু ব্যবহার এবং দুধ সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্য সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবনজীবিকা ও পুষ্টি নিরাপত্তায় ডেইরি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে, বিপরীতে জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। এই সামান্য ঘাটতি পূরণে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, বরং উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি উল্লেখ করেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ করে খামার ব্যবস্থাপনায় গ্রামীণ নারীদের অবদান অনস্বীকার্য। অন্যদিকে, তরুণেরা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ ও কৃষি-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এসব খামারি, নারী ও তরুণ উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন এবং পর্যাপ্ত বাজারসুবিধা নিশ্চিত করতে হবে।

পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, অপর্যাপ্ত কোল্ড-চেইন এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে ডেইরি খাতের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন প্রতিমন্ত্রী। তবে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম খাদ্য নিশ্চিতকরণ, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশদূষণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব বলে তিনি মত দেন।

সরকার টেকসই ডেইরি উন্নয়নে সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এই সামগ্রিক উদ্যোগেরই অংশ।

এ সময় তিনি উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এ ছাড়া অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক ও দুগ্ধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

আনসার-ভিডিপি সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক উদ্বোধন

শেয়ারের নামে অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত