সনদ প্রদানের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) তিন মাসব্যাপী ‘ফ্যাক্ট-চেকিং অ্যান্ড ভেরিফিকেশন’ সার্টিফিকেট কোর্সের সমাপ্তি হয়েছে।
শনিবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন বিভাগের প্রধান রফিকুজ্জামান এবং দ্য ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দীন শিশির।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন উদ্দিন ও রেহানা সুলতানা, প্রভাষক তানভীর আহমেদ এবং কোর্সের অন্যতম প্রশিক্ষক মুক্তা খানম।
অনুষ্ঠানে বিভাগের প্রধান রফিকুজ্জামান ফ্যাক্ট-চেকিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা বর্তমানে তথ্যের সাগরে বাস করছি। কিন্তু বিপুল তথ্যের ভিড়ে কোনটি প্রকৃত তথ্য আর কোনটি অপতথ্য, তা চিহ্নিত করা জরুরি।’ এ বিষয়টি বিবেচনায় নিয়েই বিভাগের পক্ষ থেকে এ কোর্সের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
দ্য ডিসেন্ট-এর সম্পাদক ও কোর্সের প্রধান প্রশিক্ষক কদরুদ্দীন শিশির দেশের সাংবাদিকতার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে সাংবাদিকতা করতে আগ্রহীদের মধ্যে প্রয়োজনীয় জ্ঞান ও জানাশোনার ঘাটতি রয়েছে। এ অবস্থার জন্য ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন অনেকাংশে দায়ী।
দেশে সংবাদপত্র, অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়লেও সাংবাদিকতার গুণগত মান আশানুরূপ নয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার বেশি।
তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রচলিত ধারার বাইরে গিয়ে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
এ ধরনের কোর্স শিক্ষার্থীদের পেশাগত জীবনে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন কদরুদ্দীন শিশির। তিনি বলেন, শুধু সাংবাদিকতার শিক্ষার্থী নয়, সংবাদপত্রের সাধারণ পাঠকদেরও এ ধরনের মৌলিক কোর্সের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন।