রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফরিদপুর জেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এসডিসি টাওয়ার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঋণ বিতরণ বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মনিরুল হক।
সভায় ফরিদপুর বিভাগের আওতাধীন তিনটি জোনাল অফিসের জোনাল ম্যানেজার, ৩৫টি শাখার ব্যবস্থাপক এবং তিনটি উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর বিভাগের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সিএমএসএমই ঋণ বিতরণ জোরদার, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের অর্থায়ন এবং রূপালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে ‘রূপালী ক্যাশ’, রূপালী ই-ব্যাংকিং অ্যাপ, বাংলা কিউআর এবং সর্বজনীন পেনশন স্কিমসহ আধুনিক ব্যাংকিং সেবাগুলো গ্রাহকদের কাছে আরও সহজলভ্য ও জনপ্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি আরও বাড়ানো, গ্রাহকসেবার মান উন্নত করা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ও উপ-শাখাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমে গতি বাড়িয়ে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।