মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি)। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই দলটির এ অর্জন বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।
গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দল অংশ নেয়।
প্রতিকূল আবহাওয়া, উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জের মধ্যেও উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতার সফল প্রয়োগের মাধ্যমে ইউআইইউর ইউএআরটি বিশ্বে চতুর্থ স্থান অর্জন করে। এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার কোনো বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নেওয়ার কৃতিত্বও অর্জন করেছে ইউআইইউর দলটি।
২০০৩ সাল থেকে নিয়মিত আয়োজিত এসইউএএস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এবারের প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি দল অংশ নেয়। এর মধ্যে ৬৭টি দল চূড়ান্ত পর্বের ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরবর্তীতে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন পায় এবং শেষ পর্যন্ত ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে।
প্রতিযোগিতার দিন প্রতিকূল আবহাওয়ার কারণে অংশগ্রহণকারী দলগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জের কারণে ফ্লাইট পরিচালনাকারী দলগুলোর মধ্যে ২১টি দল ক্র্যাশের শিকার হয়। এমন পরিস্থিতিতেও ইউআইইউর ইউএআরটি তাৎক্ষণিকভাবে কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয় করে সফলভাবে নিজেদের মিশন সম্পন্ন করে এবং চতুর্থ স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের দল অংশ নেয়। এসব আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউর ইউএআরটির চতুর্থ স্থান অর্জন দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এবারের প্রতিযোগিতায় ইউএআরটি সেফটি ইন্সপেকশন ও র্যাপিড রেসপন্সে পূর্ণ নম্বর অর্জন করে। পাশাপাশি দলটি একমাত্র দল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে (অটোনমাস) মিশন সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করে।
ইউএআরটির এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা, নকশা প্রণয়ন, প্রকৌশল উন্নয়ন, নির্মাণ, পরীক্ষা-নিরীক্ষা এবং ধারাবাহিক পরিমার্জনের সম্মিলিত প্রচেষ্টা। দলটির তৈরি স্বয়ংক্রিয় আনম্যানড এরিয়াল ভেহিকেলে রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন, আকাশপথের মানচিত্র তৈরি, বস্তুর শনাক্তকরণ, পে-লোড সরবরাহ, বাধা শনাক্ত ও এড়িয়ে চলা এবং বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা।
এসব প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমে প্রতিকূল পরিবেশেও সফলভাবে মিশন সম্পন্ন করতে সক্ষম হয় দলটি।
ইউআইইউর ইউএআরটির এ অর্জন দেশের তরুণদের রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণায় আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের প্রযুক্তিগত সক্ষমতারও পরিচয় তুলে ধরেছে এ সাফল্য।