বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। দেশের ডিজিটাল বাণিজ্য যাত্রায় এ স্বীকৃতিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
ট্রেডট্রাস্ট হলো সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) কর্তৃক উদ্ভাবিত একটি ওপেন-সোর্স ফ্রেমওয়ার্ক। বিভিন্ন সিস্টেম ও দেশের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্য নথির নির্ভরযোগ্য এবং আন্তঃপরিচালনাযোগ্য আদান-প্রদান নিশ্চিত করতে এই ফ্রেমওয়ার্ক ব্যবহৃত হয়।
ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি পাওয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক ট্রেডট্রাস্ট-সক্ষম ইলেকট্রনিক বাণিজ্য নথি ব্যবহারে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এর ফলে আরও নির্ভরযোগ্য ও আন্তঃপরিচালনাযোগ্য আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য কার্যক্রমে সহায়তা করবে ব্যাংকটি।
এ স্বীকৃতি উদযাপন উপলক্ষে সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত প্রাইম টাওয়ারে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী বলেন, “এই স্বীকৃতি প্রমাণ করে যে আমাদের বাণিজ্য অবকাঠামো বিশ্বমানের ডিজিটাল মানদণ্ডের। এটি স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কুরিয়ার বিলম্ব দূর করতে, খরচ কমাতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্যকে দ্রুততর করতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান ডিজিটাল বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে তাঁর মতামত তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ট্রেড বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন, এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম এবং এক্সপোর্ট প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম।
প্রাইম ব্যাংকের এই স্বীকৃতি আন্তঃসীমান্ত কাগজবিহীন বাণিজ্যে ব্যাংকটির নেতৃত্বের সক্ষমতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল ট্রেডের মাধ্যমে দেশের বাণিজ্য ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও দক্ষ করে জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার ব্যাংকটির অঙ্গীকারকেও এটি আরও শক্তিশালী করেছে।