কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে । এতে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মহড়ায় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ । এ সময় আরো ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, একেএম সাজ্জাদ হোসেন ও প্রধান কার্যালয়ের সকল নির্বাহীগণ ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে মহড়ায় অগ্নিকান্ডের কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা ও করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় । পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস টিম ও গ্রামীণ ব্যাংক কর্মীদের যৌথ উদ্যোগে ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয় ।
মহড়া শেষে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘অগ্নি দুর্ঘটনায় জীবন বাঁচাতে সর্বোচ্চ সতর্কতা ও দ্রুত সাড়া দেওয়া সবচেয়ে জরুরি । ফায়ার অ্যালার্ম বাজলে সিঁড়ি দিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে । প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে ভবনে অটো ফায়ার স্প্রিংকলার বসানো হচ্ছে ।’