মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডিজিটাল আর্থিক খাতে কমপ্লায়েন্স জোরদার করার লক্ষ্যে ‘রেগুলেটরি ফ্রেমওয়ার্কস ফর এন্টি মানি লন্ডারিং গভর্নেন্স’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ। কর্মশালায় অংশ নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এই খাতের ঝুঁকি গভীরভাবে চিহ্নিত করা এবং বিটিআরসি, এমএফএস ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সব অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। এ সময় বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরসহ বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মূল প্রতিপাদ্যের ওপর বিশেষ উপস্থাপনা দেন বিএফআইইউর উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের এএমএল-সিএফটি বিভাগের কর্মকর্তা ও অন্যান্য বিভাগের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের বর্তমান প্রেক্ষাপটে এই খাতের ঝুঁকিগুলো আরও গভীরভাবে চিহ্নিত করতে হবে এবং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, সব অংশীজনকে নিয়ে এ সমস্যা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। বিটিআরসি, এমএফএস প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের সচেতন থাকা জরুরি।
বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, প্রতিষ্ঠান পরিচালনায় কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি গ্রাহক ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও তারা কমপ্লায়েন্স অনুসরণ করেন। ডিজিটাল লেনদেনের অপব্যবহার রোধে ধারাবাহিক প্রশিক্ষণ, কর্মীদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিয়মিত মতবিনিময় ও সমন্বিত কার্যক্রম পরিচালনার কথা তুলে ধরেন তিনি। বিশাল জনগোষ্ঠীকে আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকার কথাও জানান কামাল কাদীর।
বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, মোবাইল আর্থিক সেবার পরিধি বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে এর অপব্যবহারের প্রবণতাও বেড়েছে। এ প্রবণতা ঠেকাতে কমপ্লায়েন্সকে ২৪ ঘণ্টার নিরবচ্ছিন্ন দায়িত্ব হিসেবে বিবেচনা করে বিকাশ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে সারা বছরজুড়ে এমএফএসের অপব্যবহার, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন, অনলাইন জুয়া ও বেটিং, অবৈধ রেমিটেন্স এবং ডিজিটাল পেমেন্টের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানান তিনি।