স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং’ (ক্রিম্প) প্রকল্প এবং এর আওতাধীন ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার’ (ক্রিলিক)-এর কার্যক্রম পর্যালোচনা করতে ঢাকায় এসেছে জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের (কেএফডব্লিউ) একটি রিভিউ মিশন।
গতকাল রোববার ক্রিলিকের কাজের অগ্রগতি পর্যালোচনা সভার মধ্য দিয়ে মিশনটির কার্যক্রম শুরু হয়।
কেএফডব্লিউর পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হ্যাংগস্ট এই মিশন দলের নেতৃত্ব দিচ্ছেন। দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রিন্সিপাল টেকনিক্যাল এক্সপার্ট পিটার রোনি এবং পোর্টফোলিও কোঅর্ডিনেটর (আরবান ডেভেলপমেন্ট) এস কে তৌহিদুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিশন দলটি রোববার সকালে ক্রিলিকের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেয়। এ সময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ উপস্থিত ছিলেন। পরে দলটি ক্রিম্প প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা সভায় যোগ দেয়।
একই দিন দুপুরে মিশনের কিক-অফ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ উপস্থিত ছিলেন। এ সময় ক্রিম্পের প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন। পাশাপাশি ক্রিম্প-ক্রিলিকের নির্বাহী ও সহকারী প্রকৌশলী এবং ডিএমএস কনসালট্যান্টের টিম লিডার ও ডেপুটি টিম লিডারসহ বিভিন্ন পর্যায়ের পরামর্শকেরা সভায় অংশ নেন।
মিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রতিনিধিদলটি ক্রিলিকের কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং জার্মান দূতাবাসের সঙ্গে বৈঠক করবে।– প্রেস বিজ্ঞপ্তি