হোম > কর্পোরেট

আবাসন খাতে সহায়ক করনীতি পুরো অর্থনীতিকেই উপকৃত করবে

সাক্ষাৎকারে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল

এফ আই মাসউদ

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন খাত শুধু একটি ব্যবসায়িক খাত নয়, বরং কর্মসংস্থান, শিল্পায়ন, বিনিয়োগ এবং রাজস্ব আহরণের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। প্রায় ২৬৯টি শিল্প ও সেবা খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত এই খাত দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তবে উচ্চ সুদের হার, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, ফ্ল্যাট নিবন্ধনের অতিরিক্ত ব্যয় এবং কর-ভ্যাটের চাপের কারণে বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি আবাসন খাত। জাতীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণার প্রাক্কালে খাতটির প্রত্যাশা, সম্ভাবনা, বিদ্যমান সংকট এবং করণীয় বিষয়ে কথা বলেছেন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল। সাক্ষাৎকার নিয়েছেন এফ আই মাসউদ।

আমার দেশ: বাজেট ঘোষণার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আবাসন খাতের সবচেয়ে বড় প্রত্যাশা কী?

ড. আলী আফজাল: বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আবাসন খাতকে টেকসই ও গতিশীল রাখতে কিছু নীতিগত সহায়তা অত্যন্ত জরুরি। আমাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ফ্ল্যাট নিবন্ধন ব্যয় কমানো, আবাসন ঋণে এক অঙ্কের সুদ নিশ্চিত করা, মধ্যবিত্তের জন্য বিশেষ গৃহঋণ তহবিল গঠন, নির্মাণসামগ্রীর ওপর কর হ্রাস, আবাসন খাতে অতিরিক্ত কর ও ভ্যাটের বোঝা কমানো এবং প্রবাসী ও দেশীয় বিনিয়োগ উৎসাহিত করা।

আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। আমরা চাই এমন একটি নীতিগত পরিবেশ, যা সাধারণ মানুষের আবাসন প্রাপ্তি সহজ করবে এবং একই সঙ্গে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতকে সচল রাখবে।

আমার দেশ: অনেকেই বলেন আবাসন খাত শুধু ডেভেলপারদের ব্যবসা। আপনি কেন এটিকে জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ মনে করেন?

ড. আলী আফজাল: আবাসন খাতকে শুধু একটি ব্যবসায়িক খাত হিসেবে দেখলে ভুল হবে। একটি ভবন নির্মাণের সঙ্গে রড, সিমেন্ট, ইট, কাচ, সিরামিক, লিফট, বৈদ্যুতিক সরঞ্জাম, পরিবহন, ব্যাংকিং, বীমা, স্থাপত্য ও প্রকৌশল সেবাসহ শত শত শিল্প ও সেবা খাত জড়িত।

তিনি বলেন, একটি ফ্ল্যাট বিক্রির মাধ্যমে যে অর্থ প্রবাহিত হয়, তা পর্যায়ক্রমে অসংখ্য খাতে ছড়িয়ে পড়ে। অর্থনীতিতে এই বহুমাত্রিক প্রভাবের কারণেই আবাসন খাতকে ‘মাল্টিপ্লায়ার ইফেক্ট’ সৃষ্টিকারী খাত বলা হয়। আবাসন খাত সচল থাকলে শিল্প সচল থাকে, কর্মসংস্থান বাড়ে, রাজস্ব বাড়ে এবং সামগ্রিক অর্থনীতি গতিশীল হয়।

আমার দেশ: ফ্ল্যাট নিবন্ধন ব্যয় কমানোর দাবি বারবার আসছে। এটি কেন এতো গুরুত্বপূর্ণ?

ড. আলী আফজাল: বাংলাদেশে ফ্ল্যাট ক্রয়ের পর নিবন্ধন, স্ট্যাম্প ডিউটি, উৎসে কর এবং অন্যান্য চার্জ মিলিয়ে ক্রেতাকে উল্লেখযোগ্য অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। এতে অনেক সম্ভাব্য ক্রেতা শেষ পর্যন্ত ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

আমাদের বিশ্বাস, নিবন্ধন ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হলে লেনদেনের পরিমাণ বাড়বে। এতে সরকার কম হারে কর নিয়েও বেশি সংখ্যক লেনদেন থেকে অধিক রাজস্ব পাবে। অর্থাৎ করের হার কমলেও রাজস্ব কমবে না; বরং অর্থনৈতিক কার্যক্রম বাড়ার কারণে রাজস্ব বাড়ার সুযোগ তৈরি হবে।

আমার দেশ: আবাসন ঋণে এক অঙ্কের সুদের দাবি কতটা বাস্তবসম্মত?

ড. আলী আফজাল: অবশ্যই বাস্তবসম্মত। বাসস্থান কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজন। বর্তমানে উচ্চ সুদের কারণে মধ্যবিত্ত মানুষের জন্য ফ্ল্যাট কেনা কঠিন হয়ে পড়েছে। আবাসন ঋণের কিস্তি অনেক পরিবারের আয়-সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আবাসন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি ও স্বল্পসুদে গৃহঋণের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও যদি এক অঙ্কের সুদে আবাসন ঋণ নিশ্চিত করা যায়, তাহলে লাখো পরিবার উপকৃত হবে এবং আবাসন বাজারে নতুন গতি ফিরে আসবে।

আমার দেশ: মধ্যবিত্তের জন্য বিশেষ গৃহঋণ তহবিলের প্রয়োজনীয়তা কতটা?

ড. আলী আফজাল: আমাদের দেশে সবচেয়ে বড় আবাসন চাহিদা মধ্যবিত্ত শ্রেণির মধ্যে। কিন্তু তারাই বর্তমানে সবচেয়ে বেশি চাপে রয়েছে। জমির দাম, নির্মাণ ব্যয় এবং ঋণের সুদ—সবকিছু মিলিয়ে তাদের জন্য নিজস্ব আবাসনের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে যাচ্ছে।

আমরা চাই একটি বিশেষ গৃহঋণ তহবিল গঠন করা হোক, যেখানে মধ্যবিত্ত পরিবার দীর্ঘমেয়াদে সহজ শর্তে ঋণ পাবে। এটি শুধু সামাজিক কল্যাণ নয়; বরং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেরও একটি কার্যকর উপায়।

আমার দেশ: নির্মাণসামগ্রীর ওপর কর কমানোর দাবি কতটা যৌক্তিক?

ড. আলী আফজাল: নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি সরাসরি ফ্ল্যাটের দামের ওপর প্রভাব ফেলে। বর্তমানে রড, সিমেন্ট, কাচ, সিরামিকসহ প্রায় সব ধরনের উপকরণের মূল্য বেড়েছে। এর সঙ্গে কর ও শুল্কের বিষয়ও যুক্ত রয়েছে।

যখন উৎপাদন ব্যয় বাড়ে, তখন শেষ পর্যন্ত সেই চাপ সাধারণ ক্রেতার ওপর গিয়ে পড়ে। ফলে আবাসন ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। কর কাঠামো যৌক্তিক করা গেলে নির্মাণ ব্যয় কমবে এবং আবাসন আরও মানুষের নাগালে আসবে।

আমার দেশ: অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ এবং একই সঙ্গে কর কমিয়ে অপ্রদর্শিত অর্থের উৎস বন্ধ করার কথা বলছেন। বিষয়টি কীভাবে দেখেন?

ড. আলী আফজাল: আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। অর্থনীতিতে স্থবির হয়ে থাকা অর্থকে উৎপাদনশীল খাতে নিয়ে আসা প্রয়োজন। আবাসন খাত সেই সুযোগ দিতে পারে। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়।

তিনি বলেন, দীর্ঘমেয়াদে এমন করব্যবস্থা প্রয়োজন, যেখানে করহার যৌক্তিক হবে, কর প্রদান সহজ হবে এবং মানুষ স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত হবে। করের বোঝা অতিরিক্ত হলে মানুষ কর ফাঁকির পথ খোঁজে, কিন্তু করহার যৌক্তিক হলে রাজস্ব আদায়ও বাড়ে এবং অপ্রদর্শিত অর্থ সৃষ্টির প্রবণতাও কমে।

আমার দেশ: কাল বাজেট ঘোষণা হবে। শেষ মুহূর্তে আপনারা কি আশাবাদী যে এসব দাবি অন্তর্ভুক্ত হবে?

ড. আলী আফজাল: আমরা অবশ্যই আশাবাদী। তবে বাজেট ঘোষণার দিনই সবকিছুর শেষ নয়। জাতীয় বাজেট সংসদে উপস্থাপনের পর বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয় এবং চূড়ান্তভাবে বাজেট পাস হতে সাধারণত কয়েক সপ্তাহ সময় থাকে।

আমরা বিশ্বাস করি, সরকার অর্থনীতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আবাসন খাতের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। এমনকি বাজেট উপস্থাপনের পরও আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন বা সংযোজনের সুযোগ থাকে। তাই আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ইতিবাচক প্রত্যাশা রাখছি।

আমার দেশ: এক বাক্যে সরকারের কাছে রিহ্যাবের বার্তা কী?

ড. আলী আফজাল: আবাসন খাতকে ব্যয়বহুল নয়, প্রবৃদ্ধিবান্ধব খাত হিসেবে বিবেচনা করা হোক। কারণ আবাসনে বিনিয়োগ মানেই কর্মসংস্থান, শিল্পায়ন, নগর উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি এবং মধ্যবিত্ত মানুষের আবাসন স্বপ্ন বাস্তবায়ন। একটি সহায়ক করনীতি ও সহজ অর্থায়ন ব্যবস্থা পুরো অর্থনীতিকেই উপকৃত করবে।

স্বপ্নতে আম উৎসব, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ নিয়ে এলো অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম

পবিপ্রবির নতুন ভিসি ড. হেমায়েত জাহান

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ উপাচার্য

জীবনের কঠিন মুহূর্তগুলোতে নিয়োগদাতাদের পাশে চান কর্মীরা

প্রাইম ব্যাংকের ‘প্রাইমএকাডেমিয়া এমপাওয়ারিং ইয়ুথ’ অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইউআইইউ গড়ল এশিয়ার নতুন রোভার ইতিহাস

বুয়েটে এক্সপোজিং হিডেন হিট শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন

বিসিবি নির্বাচনে বিজয়ী চার পোশাক শিল্প উদ্যোক্তাকে বিজিএমইএর অভিনন্দন