প্রয়াত আলহাজ আব্দুল মোনেমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার ৩১ মে মৃত্যুবার্ষিকী পালিত হয়। ১৯৩৭ সালের ৫ জানুয়ারি জন্ম নেওয়া আব্দুল মোনেম ছিলেন বাংলাদেশের ব্যবসা অঙ্গনের এক শ্রদ্ধেয় ব্যক্তি—অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার এবং দূরদর্শী উদ্যোক্তা। নির্মাণ খাত এ তার অবদান অনন্য। তাঁর প্রয়াণের এই দিনে আমরা স্মরণ করি আব্দুল মোনেম লিমিটেড (এএমএল)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দেশের জন্য রেখে যাওয়া অনন্য সব কীর্তিকে।
১৯৫৮ সালে তিনি আব্দুল মোনেম লিমিটেড প্রতিষ্ঠা করে অবকাঠামো নির্মাণে এক অসাধারণ ব্যবসায়িক যাত্রার সূচনা করেন। এএমএল কনস্ট্রাকশন ইউনিট দেশের বেশ কিছু মাইলফলক প্রকল্প সম্পন্ন করেছে—যেমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ওভারলে কাজ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, মেট্রোরেল প্রকল্পসহ আরও অনেক কিছু। ৬৬ বছরের পথচলায় এএমএল কনস্ট্রাকশন ইউনিট নির্মাণখাতে পথিকৃৎ ।
উদ্যোক্তা সত্তা ও অক্লান্ত নিষ্ঠা তাঁকে খাদ্য, পানীয়, চিনি পরিশোধন, জ্বালানি ও ওষুধশিল্পসহ নানাক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণে অনুপ্রাণিত করে। তাঁর দক্ষ নেতৃত্বে এএমএল বিকশিত হয়ে ইগলু আইসক্রিম, এএম বেভারেজ লিমিটেড (কোকা-কোলা, স্প্রাইট, ফ্যান্টা ও কিনলের উৎপাদক), ম্যাঙ্গো পাল্প প্রসেসিং, ইগলু ফুডস, আবদুল মোনেম ইকোনমিক জোন, ইগলু ডেইরি লিমিটেড, সুগার রিফাইনারি, এএম এনার্জি লিমিটেডসহ বহু সফল প্রতিষ্ঠান গড়ে তোলে। আজ ইগলু ও এএম বেভারেজ লিমিটেড সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
১০ হাজারের বেশি কর্মীর সমন্বয়ে এসব প্রতিষ্ঠান অসংখ্য মানুষের জীবিকা, দক্ষতা উন্নয়ন ও পেশাগত বিকাশের সুযোগ সৃষ্টি করেছে। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন আবদুল মোনেম ফাউন্ডেশন; এর মাধ্যমে তিনি অসহায় মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নানাধরনের সহায়তা নিশ্চিত করেছেন—যা দেশের মানুষের কল্যাণে তাঁর আন্তরিক অঙ্গীকারের পরিচায়ক।
দীর্ঘ কর্মজীবনে আল-হাজ্ব আবদুল মোনেম ২০১৪ সালে মাননীয় রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার, ২০১৩ ও ২০১৬ সালে সিআইপি (ইন্ডাস্ট্রি) মর্যাদা এবং ২০০৬ সালে বিজনেস পারসন অব দ্য ইয়ারসহ বহু স্বীকৃতি পেয়েছেন। এসব সম্মাননা বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি বহন করে।
২০২০ সালের ৩১ মে তাঁর ইন্তেকালের সময় তিনি তাঁর স্ত্রী ও পাঁচ সন্তানের পরিবার রেখে গেছেন। তাঁর বড় ছেলে এএসএম মঈনুদ্দিন মোনেম বর্তমানে আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন।