বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তুলতে চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের শুধু বিদেশ থেকে আসা শিক্ষার্থী হিসেবে নয়, বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচয় ও ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আসা বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশ নেন।
উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে গ্লোবাল মাইন্ডস গড়ে তুলতে চাই। তবে তার আগে গাকৃবিকে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি গ্লোবাল হাব হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এসে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন। একই সঙ্গে তারা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।’
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া ‘সবুজ গাকৃবি: শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন। তিনি বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করে গাজীপুরকে আরও সবুজ, বসবাসযোগ্য ও দূষণমুক্ত করতে চায়। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম এবং ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
অনুষ্ঠানের শুরুতে গাকৃবির ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন নিয়ে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের পরিচয়পর্ব, আলোচনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে আন্তর্জাতিক শিক্ষার্থীরা গাকৃবিতে তাদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বশীলরা তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।