শাপলা চত্বর গণহত্যা মামলার অন্যতম আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের আইনবহির্ভূত ও উদ্ধত আচরণ আর কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এই মামলার অন্যতম আসামি জিয়াউল আহসানকে সকালে আদালতে হাজির করতে গেলে তিনি প্রথমে আসতে অস্বীকৃতি জানান এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরবর্তী সময়ে দুপুরের পর তাকে বিশেষ পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ বিলম্বে শুনানি শুরু হওয়ার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘আজকে শাপলা চত্বর মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একজন আসামির জন্য অপেক্ষা করতে করতে দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে শুনানি শুরু করতে হয়। আসামি জিয়াউল আহসান প্রথমত জেলখানা থেকে আদালতে আসতে অস্বীকৃতি জানান। আমরা জেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছিলাম—যেকোনো মূল্যে তাকে হাজির করতে হবে। কিন্তু তিনি আসতে চাননি এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। অবশেষে বিশেষ পাহারায় তাকে আনতে সক্ষম হলেও তিনি হাতকড়া পরবেন না বলে আপত্তি জানান এবং পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন। এরপর কখনো রাস্তায় খাওয়ার নাম করে, কখনো ওয়াশরুমে যাওয়ার অজুহাতে নানা তালবাহানা করে তিনি দেরিতে কোর্টে আসেন। তার এই ধরনের অবাধ্য আচরণ মোকাবিলা করেই আমাদের বিচারিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। আমরা স্পষ্ট করে বলছি, জিয়াউল আহসানের এ ধরনের বিশৃঙ্খল বা বেপরোয়া আচরণ ভবিষ্যতে আর সহ্য করা হবে না।’
জিয়াউল আহসানকে আদালতে হাজিরের বিষয়ে ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত দিয়েছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে তিনি প্রচলিত নিয়মেই আদালতে আসবেন। অর্থাৎ জেল কর্তৃপক্ষ যেভাবে অন্য বন্দিদের আদালতে হাজির করে, সেভাবেই তাকে আসতে হবে। তিনি অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে বা একসঙ্গে আসার দাবি তুলেছেন। কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি যে, তার এই দাবির পেছনে কোনো কুমতলব থাকতে পারে অথবা অন্যান্য আসামির নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে; কারণ তিনি শুরু থেকেই অত্যন্ত উশৃঙ্খল আচরণ করে আসছেন।
চিফ প্রসিকিউটর আরও জানান, জিয়াউল আহসান পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন, কারা কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং আদালতে হাজির হয়েও বিভিন্নভাবে উচ্চবাচ্য করেন। এই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন যে, জেল কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাকে যে প্রক্রিয়ায় আদালতে আনা প্রয়োজন, সেভাবেই হাজির করবে। অন্যথায় ভবিষ্যতে তার অনুপস্থিতিতে ভার্চুয়ালি মামলার শুনানি অনুষ্ঠিত হবে।