জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ অভিযোগ দাখিল করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও মির্জা আজম।
আসামিদের মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি। অন্যরা কারাগারে রয়েছেন।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল।
তিনি বলেন, মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি ও নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশ নিয়েছেন। তারা এতে সহায়তা, পরামর্শ ও অবদান রেখেছেন।
প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনের ঘটনায় ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার আহত হয়েছেন। এসব ঘটনাই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের মূল বিষয়।