খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার রায় আগামি ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের আদালত যুক্তি-তর্কের শুনানি শেষে রায়ের এ তারিখ ঠিক করেন। এদিন আদালতে শুনানি করেন দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।
তিনি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য ছিলো। শুনানি শেষে রায়ের তারিখ ঠিক করেন বিচারক। এসময় এমপি মিজানুর রহমানের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি।
মামলায় অভিযোগ, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।