হোম > আইন-আদালত

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

ট্রাইব্যুনালে তৎকালীন সাবমেরিন ক্যাবল কোম্পানির ভারপ্রাপ্ত এমডি

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই বিপ্লবের সময় ২০২৪ সালের ১৮ জুলাই তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফোন করে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জবানবন্দিতে জানিয়েছেন তৎকালীন সাবমেরিন ক্যাবল কোম্পানির ভারপ্রাপ্ত এমডি মির্জা কামাল আহমেদ।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দিতে তিনি এসব কথা বলেন।

জবানবন্দিতে মির্জা কামাল বলেন, জুলাই আন্দোলনের সময় আমি প্রেষণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলাম। ২০২৪ সালের ১৮ জুলাই সন্ধ্যা ৭টার পর বিটিআরসি কর্তৃক ‘ ১৮ জুলাই আইটিসি অপারেশন’ নামে একটি হোয়াটসএ্যাপ গ্রুপ খোলা হয়। এ গ্রুপে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির প্রতিনিধি হিসেবে আব্দুল ওয়াহাব, ডিজিএমকে অন্তর্ভুক্ত করা হয়। সরকারি কোম্পানি হিসেবে সাবমেরিন ক্যাবলের পাশাপাশি বিটিসিএল-এর একজন প্রতিনিধি আনোয়ার হোসেন মাসুদকেও অন্তর্ভুক্ত করা হয়। এই গ্রুপে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বিটিআরসির তৎকালীন ডিজি কাজী মোস্তাফিজুর রহমান একটি ভয়েস কলের মাধ্যমে ইন্টারনেট শাটডাউনের সরকারি সিদ্ধান্ত জানিয়ে নির্দেশনা প্রদান করেন। সাবমেরিন ক্যাবলের প্রতিনিধি আব্দুল ওয়াহাব আমাকে বিষয়টি ফোনে অবহিত করেন।

জবানবন্দিতে তিনি আরও বলেন, বিটিআরসি কর্তৃক আগেই ‘ আইআইজি অপারেশন’ নামে একটি হোয়াটসএ্যাপ গ্রুপ চালু ছিল। যেখানে বিটিআরসির উপ-পরিচালক মেহেরীন আহসান একটি এসএমএসের মাধ্যমে সবাইকে ইন্টারনেট বন্ধ করে ডান (ওকে) লিখে জানানোর নির্দেশনা প্রদান করেন। সাবমেরিন ক্যাবল কোম্পানির প্রধান কাজ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা। এছাড়াও আইআইজি লেভেলে গ্রাহক সেবা প্রদানের লাইসেন্স রয়েছে। আমি সাবমেরিন এবং আইআইজি দুস্তরেই ইন্টারনেট বন্ধের বিষয়ে অবগত হয়ে অনেকটা অবাক হই। আমি জনাব ওয়াহাবকে শুধুমাত্র আইআইজি লেভেলে ইন্টারনেট বন্ধের বিষয়ে সম্মতি দিই। ১৮ জুলাই রাত ৮টার দিকে আব্দুল ওয়াহাব আমাকে ফোন করে জানান, বিটিআরসি সাবমেরিন ক্যাবল লেভেলে কক্সবাজার এবং কুয়াকাটায় সাবমেরিন ব্যান্ডউইথ শাটডাউনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোপূর্বে আমার জানামতে সাবমেরিন লেভেলে কখনো ইন্টারনেট বন্ধ করা হয়নি বিধায় নির্দেশনাটি শুনে আমি হতচকিত হই।

জবানবন্দিতে সাবমেরিন ক্যাবল কোম্পানির ভারপ্রাপ্ত এমডি বলেন, ওইদিন রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিটিআরসির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোস্তাফিজুর রহমান আমাকে মোবাইলে ফোন করেন এবং সাবমেরিন লেভেলে ইন্টারনেট বন্ধ করার নির্দেশনা প্রদান করেন। কিছুক্ষণ পর আব্দুল ওয়াহাব আমাকে জানান সকল আইটিসি অপারেটর এবং আইআইজি অপারেটর তাদের ব্যন্ডউইথ শাটডাউন করেছে। আমি তখন বিটিসিএলে কথা বলি। জানা যায় বিটিসিএলও তাদের আইটিসি এবং আইআইজি ব্যান্ডউইথ শাটডাউন করেছে। তখন শুধুমাত্র সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ চালু ছিল এবং আইআইজি অপারেশনস গ্রুপে সাবমেরিনের ব্যান্ডউইথ বন্ধ না করার বিষয়ে বিভিন্ন অপারেটর কমেন্ট করছিল। রাত ৯টার দিকে জুনায়েদ আহমেদ পলক আমাকে ফোন করেন এবং বিটিআরসির নির্দেশনা কেন বাস্তবায়ন করছি না তা জানতে চান। এছাড়া তিনি সাবমেরিন লেভেলে ইন্টারনেট বন্ধ করতে কত সময় লাগতে পারে তা জিজ্ঞেস করেন। আমি তখন বলি আনুমানিক ১৫ মিনিট লাগবে। তিনি আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন। অতপর আমি আমার অধীনস্থ জেনারেল ম্যানেজার অপারেশনস-এর মাধ্যমে কক্সবাজার এবং কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল দুটো শাটডাউনের সরকারের সিদ্ধান্ত জানাই এবং ১৫ মিনিটের মধ্যেই সাবমেরিন দুটো শাটডাউন করা হয়।

জবানবন্দিতে মির্জা কামাল আরও বলেন, ২৩ জুলাই বিটিআরসিতে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভিন্ন অপারেটর, বিটিসিএল, সাবমেরিন ক্যাবল, বিটিআরসি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আইসিটি বিভাগসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। সভা শেষে প্রতিমন্ত্রী পলক একটি সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি আশ্বস্ত করেন ওইদিন রাতের মধ্যেই ইন্টারনেট চালু করার সম্ভাবনা আছে। এরপর রাতে আমি বিটিআরসি থেকে সাবমেরিন ক্যাবল লেভেলে ইন্টারনেট চালু করার নির্দেশ পাই। আনুমানিক রাত পৌনে ৯টার দিকে আমি সাবমেরিনের ব্যান্ডউইথ চালু করি। এছাড়া ৫ আগস্ট সকাল আনুমানিক ১০টার সময় বিটিআরসির তৎকালীন ডিজি মোস্তাফিজুর রহমান পুনরায় সাবমেরিন ব্যান্ডউইথ বন্ধের নির্দেশনা দেন। ওইদিন আনুমানিক সকাল ১১টার দিকে সাবমেরিন ব্যান্ডউইথ বন্ধ করার ব্যবস্থা করি। পরবর্তীতে আনুমানিক দুপুর সোয়া ১টার দিকে তিনি সাবমেরিন চালু করার নির্দেশনা দেন। আমরা তখনই সাবমেরিন ক্যাবল চালু করি।

ভার্চুয়াল কোর্টের প্রতিবাদে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে

খতনা করাতে গিয়ে অঙ্গ কর্তন: ওষুধ বিক্রেতাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ