হোম > আইন-আদালত

কুমিল্লা-১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহালের রায় স্থগিত

স্টাফ রিপোর্টার

কুমিল্লা-১ ও ২ আসন আগের সীমানায় পুনর্বহাল করতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া ওই রায় স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে নতুন সীমানা অনুসারে আসন দুটিতে নির্বাচন হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। এতে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে।

আদালতে এদিন নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আবদুল্লাহ আল মামুন।

এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ৮ জানুয়ারি রায় দেন হাইকোর্ট। ঘোষিত রায়ে দাউদকান্দি-তিতাস উপজেলার পরিবর্তে দাউদকান্দি-মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-১ সংসদীয় আসন এবং হোমনা-মেঘনা উপজেলার পরিবর্তে হোমনা-তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ–সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের অংশবিশেষ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে আগের মতো দাউদকান্দি-তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-১ আসন ও হোমনা-মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ইসিকে গেজেট প্রকাশ করতে বলা হয়।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ইসি ও কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পৃথক আবেদন করেন। আবেদন দুটি চেম্বার জজ আদালতে আজ শুনানি হয়।

এর আগে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ আসন ছিল দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে। আর হোমনা-মেঘনা উপজেলা নিয়ে ছিল কুমিল্লা-২ আসন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে। তাতে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-১ আসন এবং হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ সংসদীয় আসন পুনর্নির্ধারণ করা হয়।

গেজেটের এ-সংক্রান্ত অংশবিশেষের বৈধতা চ্যালেঞ্জ করে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনসহ ছয় ব্যক্তি গত বছর রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। এ মামলায় বিবাদী হিসেবে যুক্ত হন কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন ও মেঘনা উপজেলার বাসিন্দা এম এ মিজানুর নামের এক ব্যক্তি। চূড়ান্ত শুনানি শেষে ৮ জানুয়ারি রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

মনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

দশম বারের মত পেছালো হাদি হত্যার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

প্রসিকিউশনের বিরুদ্ধে বাস্তবভিত্তিক অভিযোগের তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ

বিড়াল হত্যার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই

ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ৫ এমপি প্রার্থীর

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট