জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ৩০ জানুয়ারি রায়ের তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক মো. রবিউল আলম নতুন এ তারিখ ঠিক করেন।
বিষয়টি নিশ্চিত করে দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, মামলাটি রায়ের জন্য ছিলো। তবে আসামিপক্ষের আইনজীবী মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করলে তারা সংক্ষিপ্ত যুক্তিতর্কের শুনানি করেন। এরপর আমরাও রিপ্লাই দিয়েছি। শুনানি শেষে আগামি ৩০ জানুয়ারি রায়ের নতুন তারিখ ঠিক করেন আদালত।
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। আর ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।