রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনের হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ মহিনকে ছয় মাসের জামিন দেন। ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের জামিন স্থগিতের আদেশ দেন।
২০২৫ সালের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে একদল ব্যক্তি। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম।
মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
পরে ওই মামলায় গত ১২ জুলাই ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ।