কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।
এর আগে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ আবেদনে বলা হয়, মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। শুনানি শেষে নিষেধাজ্ঞার ওই আদেশ দেন বিচারক।