হোম > আইন-আদালত

দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন: আইনজীবী

টঙ্গীতে শিশু নির্যাতন

আমার দেশ অনলাইন

দেশ ছাড়ার কথা জানানো টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন। তার বিরুদ্ধে হওয়া মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের আবেদনও করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তার আইনজীবী এইচ. এম. রুহুল আমীন মোল্লা (হাসান) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনি সহায়তার জন্য গতকাল বিকেল থেকে রুমি তার চেম্বারে অনেকক্ষণ অবস্থান করেন। তার (রুমি) বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানি কবে, তা জানা যায়নি।

এই আইনজীবী আরও বলেন, শাহজালাল রুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এক নাগরিক। যিনি বিচারব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রেখে আইনি পথেই নিজের ও পরিবারের নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করতে চাচ্ছেন।

এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি।

পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এরপর মাদরাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর বাবার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

এই পাল্টা মামলা দায়েরের পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি। আর গতকাল সোমবার রাতে সাংবাদিকদের জানান, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

বিসিএসের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ নভেম্বর

দুই ডিজিএফআই সদস্যের বিচার হবে সামরিক আদালতে

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ পাঁচজনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, চুপ্পুর বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ জনের রায় ২৯ অক্টোবর

হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ট্রাইব্যুনালে দুই আওয়ামীপন্থি আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন দিন ধার্য

মনিরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা