রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অপরাধের তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত চলমান রয়েছেন। তদন্ত কর্মকর্তা সারাদেশে তাদের অপরাধের তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করছেন। কিন্তু এটা সময়সাপেক্ষ ব্যাপার। কারণ বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা এবং শাখা-উপশাখায় যেখানে আওয়ামী লীগের কার্যক্রম আছে, প্রত্যেকটা বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে এই প্রতিবেদনটা জমা দিতে হবে।
তামীম বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো অরগানাইজেশনের বিচার হয়নি। এজন্য তদন্তকারী কর্মকর্তা সময় নিচ্ছেন, আমাদের সঙ্গে পরামর্শ করছেন এবং আমরা তাকে তদন্তে সহযোগিতা করছি। সময় লাগবে, আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই এই তদন্ত প্রতিবেদনও পাওয়া যাবে।