মিরপুর মডেল থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার দেখানো অপর আরেক আসামি ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা।
এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তাদের আদালতে তোলা হয়। তাদের উপস্থিতিতে শুরু গ্রেপ্তার দেখানোর শুনানি। উভয় পক্ষের শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। এ প্রেক্ষিতে আসামিদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।