হোম > আইন-আদালত

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ

স্টাফ রিপোর্টার

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস। ফাইল ছবি

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ২৭ আগস্ট এই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। অন্যদিকে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

ওইদিন মামলার পরবর্তী শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছিল। নির্ধারিত দিনে জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে জুলাই বিপ্লবে সংঘটিত অপরাধের ঘটনায় ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসেবে অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশনা প্রদান এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

আইন অনুযায়ী, এখন পলাতক ধনঞ্জয় কুমার দাসকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির হতে বা আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় তাঁর অনুপস্থিতিতেই মামলার আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত, মৌখিক পরীক্ষায় বাধা নেই

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

গার্মেন্টসকর্মী সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

পিচ্চি রাজা পালানোর ঘটনায় বোন ও দুই পুলিশ সদস্য চার দিনের রিমান্ডে

কাজী জাফরউল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

জুতায় ১৬ কোটি টাকার সোনা, বিমান বাংলাদেশের দুই কর্মী রিমান্ডে

পুলিশের গুলি মোস্তফার পাঁজর ভেদ করে বুকে ঢুকে যায়, বাবার জবানবন্দি

১ কোটি ২ লাখ টাকার অবৈধ সম্পদ, ফাহমী ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

দুর্নীতির অভিযোগে নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা