শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে সাংবাদিক পেশা দেখে আসামি করা হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
তিনি বলেন, অতিউৎসাহী হয়ে মিথ্যা খবর প্রচার, ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন ও অপরাধ সংঘটনে প্ররোচনা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তবে আসামি করার ক্ষেত্রে কারও পেশা বিবেচনা করা হয়নি।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রসিকিউটর তামীম বলেন, ট্রাইব্যুনালে যারা আসামি হয়েছেন, তাদের প্রত্যেকেরই একটি পেশা থাকতে পারে। তবে আসামি হওয়ার ক্ষেত্রে পেশা কোনো বিবেচ্য বিষয় নয়। তদন্তে যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তাদেরই অভিযুক্ত করা হয়েছে; তারা এখানে সাংবাদিক পরিচয়ে আসেননি।
উদাহরণ হিসেবে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তাকে প্রধান বিচারপতি হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে আইন অমান্য করার কারণে আসামি করা হয়েছে।
জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে এই তিন আসামি।
এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য রয়েছে।